| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে শাহরাস্তিতে মাদ্রাসার অধ্যক্ষকে অবরুদ্ধ

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ১৯:২২:২৪:অপরাহ্ন  |  ১১২৪ বার পঠিত
অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে শাহরাস্তিতে মাদ্রাসার অধ্যক্ষকে অবরুদ্ধ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের কাছ থেকে

অ্যাডমিট কার্ডের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা অধ্যক্ষ মো. বেলাল হোসেনকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অতিরিক্ত অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। অভিযোগগুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবমুক্ত করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, আলিম পরীক্ষার্থীদের কাছ থেকে অ্যাডমিট কার্ডের জন্য নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, প্রতিষ্ঠানের বিভিন্ন তহবিলের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম এবং প্রশাসনিক নানা অনিয়মের অভিযোগ তুলে তাঁরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অধ্যক্ষকে কার্যালয়ে ডেকে পাঠান।

ইউএনও বলেন, জিজ্ঞাসাবাদের সময় অধ্যক্ষ অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এডমিট কার্ডের নামে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দিতে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে আলিম পরীক্ষা চলমান থাকায় পরীক্ষা শেষে তাঁর বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে অধ্যক্ষ মো. বেলাল হোসেন বলেন, উপজেলার কয়েকটি মাদ্রাসার অধ্যক্ষদের মতামতের ভিত্তিতে প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ২০০ টাকা নেওয়া হয়েছিল। 

তাঁর দাবি, অনিয়মিত ও আর্থিকভাবে অসচ্ছল কিছু পরীক্ষার্থীর ব্যয় সমন্বয়ের উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়। যাঁদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে। তবে তাঁর বিরুদ্ধে আনা অন্য অভিযোগগুলো সত্য নয়।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪