বগুড়া প্রতিনিধি: রিকশা চোর ধরে চড়থাপ্পড় মেরেছিল বাবা। প্রতিশোধ নিতে তার ৬ বছর বয়সী শিশু পুত্রকে অপহরণ করা হয়েছিল। গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজ শিশু বোরহানকে বগুড়ায় পাওয়া গেছে। তাকে পরিবারের জিম্মায় দেওয়া হলেও জড়িতদের বিরুদ্ধে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ উঠেছে।
গত বুধবার রাতে বগুড়া শহরতলীর মাটিডালি বাসস্ট্যান্ড এলাকা থেকে শিশুকে উদ্ধার করা হয়। ওইদিন দুপুর ১টার দিকে গোবিন্দগঞ্জের চাষকপাড়া মহল্লায় অপহরণের ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশু বোরহান (৬) চাষকপাড়া মহল্লার মিঠু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ি থেকে খেলতে বেরিয়ে নিখোঁজ হয় শিশু বোরহান। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। দু'ঘন্টা পর গোবিন্দগঞ্জ থানায় যান শিশুর মা বানী বেগম। পূর্ব শত্রুতার জেরে তার সন্তানকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করে। আরিফ মিয়া (২৫) নামের একজনকে আসামি করা হয়। পুলিশের চাপে শিশুকে উদ্ধার করে দেয় অভিযুক্ত ব্যক্তির পরিবার। বগুড়ার মাটিডালি বাসস্ট্যান্ডে শিশুকে নিয়ে অপহরণকারী দূরপাল্লার বাসের জন্য অপেক্ষা করছিল বলে জানা গেছে।
শিশুর মা বানী বেগম বলেন, কিছুদিন আগে অভিযুক্ত আরিফ মিয়া রিকশা চালাবে বলে আমাদের বাড়িতে এসেছিল। আমার স্বামী তাকে রিকশা ভাড়া দেয়। সুযোগ বুঝে রিকশা বিক্রি করে পালিয়ে যায় আরিফ। তাকে খুঁজে বের করে রিকশা চাইলে তালবাহানা করে। আমার স্বামী তাকে কয়েকটি চড়থাপ্পড় মেরেছিল। সেই ক্ষোভে প্রতিশোধ নেওয়ার জন্য শিশু সন্তানকে অপহরণ করে। তিনি বলেন, সন্তানকে সুস্থ অবস্থায় পেয়েছি ঠিকই, কিন্তু যদি কেনো দুর্ঘটনা ঘটতো? আবারও যদি শত্রুতা করে? থানায় অপহরণ মামলা করতে চাইলে পুলিশ ফিরিয়ে দিয়েছে।
এ প্রসঙ্গে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, শিশু নিখোঁজ থাকার অভিযোগের পরই পুলিশ তৎপরতা শুরু করে। অভিযুক্ত ব্যক্তির পরিবারকে চাপ দেওয়া হয়। তারা বগুড়া থেকে শিশুকে উদ্ধার করে থানায় পৌঁছে দিয়েছে। আমরা মুচলেকা নিয়েছি, শিশুকেও তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। তারা মামলা করতে চাইলে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/রাফিদ