শরীয়তপুর প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কচি কণ্ঠের আসর, শরীয়তপুর জেলা শাখা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) শরীয়তপুর জেলা সদরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ফলদ, বনজ, ঔষধি, ফুল ও দেশীয় প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে কচি কণ্ঠের আসর, শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুজ্জামান সিপন বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। তিনি বিশুদ্ধ অক্সিজেন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজ পরিবেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।
সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কহিনুর খানম বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ তৈরি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কচি কণ্ঠের আসর, শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক এস. এম. মজিবুর রহমান, সদস্য কামরুল হাসান মোল্লাসহ কলেজের শিক্ষকবৃন্দ।
সংগঠনের নেতারা জানান, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা হবে।
রিপোর্টার্স২৪/রাফিদ