| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীর যমুনা প্রাইভেট হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: Jul ৩১, ২০২৬ ইং | ০৬:৪০:৫৭:পূর্বাহ্ন  |  ১৭৮১ বার পঠিত
নরসিংদীর যমুনা প্রাইভেট হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী শহরের সি অ্যান্ড বি মোড় সংলগ্ন যমুনা প্রাইভেট হাসপাতালে বিভিন্ন অনিয়মের দায়ে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অনুমোদন ছাড়াই পরিচালিত হাসপাতালের এক্স-রে কক্ষ সিলগালা করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এসব ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে হাসপাতালটিতে একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে। পরিদর্শনের সময় মেডিকেল অফিসারদের কোনো ডিউটি রোস্টার পাওয়া যায়নি। ল্যাব টেকনোলজিস্ট অনুপস্থিত থাকলেও ছুটির কোনো বৈধ কাগজপত্র বা পেশাগত সনদপত্র দেখানো হয়নি। অথচ ওই সময়ও ল্যাবে রোগীদের নমুনা সংগ্রহ কার্যক্রম চলছিল।

এছাড়া আল্ট্রাসাউন্ড কক্ষের সামনে গর্ভস্থ সন্তানের লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ সংক্রান্ত বিজ্ঞ হাইকোর্টের নির্দেশনা প্রদর্শিত ছিল না। অপারেশন থিয়েটারে অটোক্লাভ করা অস্ত্রোপচারের সরঞ্জাম খোলা অবস্থায় পাওয়া যায়। এক্স-রে কক্ষে প্রয়োজনীয় বিকিরণ প্রতিরোধী লিড (Lead) সুরক্ষা ব্যবস্থা ছিল না এবং বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের অনুমোদন ছাড়াই এক্স-রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

পরিদর্শনে আরও দেখা যায়, এনভিডি (NVD) কক্ষটি রোগীসেবার জন্য অনুপযুক্ত আকারের। ল্যাবে বর্জ্য ব্যবস্থাপনার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। একই রেফ্রিজারেটরে রি-এজেন্টের সঙ্গে অন্যান্য ওষুধ সংরক্ষণ করা হচ্ছিল, যা বিধিবহির্ভূত। এছাড়া ল্যাবের নিয়ন্ত্রিত পরিবেশে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তেলের কৌটাসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রী রাখা ছিল, যা স্বাস্থ্যবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়। পাশাপাশি অনুমোদনহীন এক্স-রে কক্ষটি সিলগালা করে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া চৌধুরী। অভিযানে সার্বিক সহযোগিতা করেন নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিনিধি ডা. মুন্নী সাহা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪