| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বন্দরে ২০০ ফুট সড়কে বালুর বস্তা, ৫০ পরিবারের চলাচলে সাময়িক স্বস্তি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০১, ২০২৬ ইং | ২১:৩৮:৫০:অপরাহ্ন  |  ৩০৩৪ বার পঠিত
বন্দরে ২০০ ফুট সড়কে বালুর বস্তা, ৫০ পরিবারের চলাচলে সাময়িক স্বস্তি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এতিমখানা সড়কের প্রায় ২০০ ফুট অংশ দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। স্থানীয়দের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে ক্ষতিগ্রস্ত অংশে বালুর বস্তা ফেলে সাময়িক চলাচলের ব্যবস্থা করেছেন ইউপি সদস্য পদপ্রার্থী মো. রোমান ইসলাম।

শনিবার (১ আগস্ট) সকালে তিনি এ উদ্যোগ বাস্তবায়ন করেন। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে বিশেষ করে বর্ষা মৌসুমে সেখানে পানি জমে চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। এতে প্রায় ৫০টি পরিবারের পাশাপাশি নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কারের দাবিতে বহুবার জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। একই এলাকার সুবহান মোল্লা সড়কের একটি অংশও দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। সেখানেও বালুর বস্তা ফেলে আপাতত চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা পারুল বেগম বলেন, বৃষ্টির সময় বাড়ির আশপাশে এমনকি ঘরের ভেতরেও পানি উঠে যায়। এতে সাপের উপদ্রবসহ নানা সমস্যার মুখোমুখি হতে হয়। তিনি দ্রুত সড়ক সংস্কারের পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের দাবি জানান।

আরেক বাসিন্দা সুমি বেগম বলেন, নির্বাচন এলে জনপ্রতিনিধিরা ভোট চাইতে আসেন, কিন্তু পরে এলাকার সমস্যার খোঁজ নেন না। বৃষ্টির পানি ও বাসাবাড়ির ব্যবহৃত পানি জমে থাকায় সন্তানদের নিয়ে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় সড়কে জমে থাকা কাদা ও নোংরা পানিতে পিছলে দুর্ঘটনাও ঘটে।

এ বিষয়ে মো. রোমান ইসলাম বলেন, স্থানীয়দের অনুরোধে এলাকা পরিদর্শন করে তিনি সড়কের বেহাল চিত্র দেখেন। অতীতে এ সড়কের উন্নয়নকাজের জন্য একাধিকবার টেন্ডার হলেও কাজের অগ্রগতি হয়নি বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, মানুষের দুর্ভোগ বিবেচনায় সাময়িকভাবে বালুর বস্তা ফেলে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে বন্দর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪