বগুড়া প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা ছাত্রদল। কর্মসূচিতে তানভীরের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ এবং শহরের বিভিন্ন স্থানে টাঙানো এনসিপির ব্যানার-পোস্টার অপসারণ ও ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। কয়েকটি ব্যানারে আগুনও দেওয়া হয়।
শনিবার (১ আগস্ট) দুপুর ২টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মোড় হয়ে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। সাতমাথায় পৌঁছে বিক্ষোভকারীরা গাজী সালাউদ্দিন তানভীরের কুশপুত্তলিকা দাহ করেন এবং বিভিন্ন স্থানে টাঙানো এনসিপির ব্যানার-পোস্টার অপসারণ ও ক্ষতিগ্রস্ত করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে অশালীন বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবিরোধী। তারা গাজী সালাউদ্দিন তানভীরসহ এ ধরনের বক্তব্য দেওয়ার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে ব্যক্তিগত বা পারিবারিক পর্যায়ে আপত্তিকর মন্তব্য গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেন, এ ধরনের বক্তব্য দেশের রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনগতভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।
সমাবেশ থেকে গাজী সালাউদ্দিন তানভীর ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীকে বগুড়াসহ সারা দেশে ‘অবাঞ্ছিত’ ঘোষণার দাবি জানানো হয়। পাশাপাশি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
কর্মসূচিতে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাসহ সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ এবং জেলার ২৮টি ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
রিপোর্টার্স২৪/রাফিদ