বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় নওগাঁ–বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি লুৎফর বাড়ী (বাড়ি ময়মনসিংহ)। বাকি তিনজনের পরিচয় জানার চেষ্টা চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বগুড়া থেকে নওগাঁগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক, হেলপার এবং দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নওগাঁ থেকে আসা পিকআপটি একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা পিকআপের ভেতর থেকে হতাহতদের উদ্ধার করেন।
কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজেন মাহাতো জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে চালক ও হেলপার ছাড়াও অপর দুইজন মাছ ব্যবসায়ী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের পূর্ণ পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।
রিপোর্টার্স২৪/রাফিদ