চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কৃষিজমির মাঝখানে থাকা পুকুর থেকে মিনি ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে। এতে পুকুরের দুই পাড় ভেঙে পাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন জমির মালিক। এ ঘটনায় ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইউসুফ খান নামে এক জমির মালিক।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল থেকে ওই পুকুরে ড্রেজার দিয়ে মাটি কাটা শুরু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ওই ড্রেজার চলমান রয়েছে বলে জানিয়েছেন ক্ষতির সম্মুখিন জমরি মালিক।
অভিযোগকারী ইউসুফ খান বলেন, তাদের বাড়ি উপজেলার ৩নম্বর কালচোঁ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রাম। তিনি খান বাড়ির মৃত অলিউল্যা খানের ছেলে। প্রবাসে থাকেন। বাড়িতে কম আসা হয়। তাদের পাশের রাজাপুর গ্রামের হাজী বাড়ির মৃত শামছল হক হাজীর ছেলে খোকন হাজী তার পুকুরে মিনি ড্রেজার বসিয়ে মাটি কাটার প্রস্তুতি নিলে তিনি মৌখিকভাবে বাঁধা প্রদান করেন। কারণ ড্রেজার দিয়ে মাটি কাটা শুরু করলে জমির দুই পাড় ভেঙে পড়বে।
তিনি আরো বলেন, মৌখিকভাবে বলার পর তিনি আমার কথা কর্ণপাত করেননি। যার ফলে গত ২৬ জুলাই হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আমার কৃষি জমির ক্ষতির কথা উল্লেখ করে ড্রেজার বন্ধ করতে ব্যবস্থার নিতে অভিযোগ দিয়েছেন। এই বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককেও জানানো হয়েছে।
অভিযুক্ত খোকন হাজী বলেন, আমি নিজের পুকুরে ড্রেজার বসিয়েছি। পাশের জমির মালিক ইউসুফকে বলেছি তার কোন ক্ষতি হলে আমি তা বহন করব। তারপরেও তিনি লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়াও তিনি এক অফিসার দিয়ে আমাকে ফোন দিয়েছেন। যে কারণে আমিও আমাদের সংসদ সদস্যকে বিষয়টি জানিয়েছি। তিনি বলেছেন মাটি কাটার জন্য, কোন সমস্যা হবে না।
এই বিষয়ে কথা হয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়ার সাথে। তিনি বলেন, ড্রেজার দিয়ে মাটি কাটা হচ্ছে, এমন কোন অভিযোগ আমার কাছে আসেনি। এখনই মাত্র জানলাম।
হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, আমি এই উপজেলা নতুন যোগদান করেছি। বিষয়টি অবগত হলাম এবং খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/রাফিদ