নীলফামারী প্রতিনিধি: নীলফামারী, ২ আগস্ট: মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, যুবসমাজের সদস্যদের ওপর হামলা-হুমকি বন্ধ এবং মাদক ব্যবসায়ীদের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জেলা সদরের পাহাড়ের মোড় এলাকায় দারোয়ানী টেক্সটাইল যুব সমাজের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। এতে কুন্দপুকুর, চড়াইখোলা, ইটাখোলা, সোনারায় ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পরে দারোয়ানী টেক্সটাইল বাজার মাঠে অনুষ্ঠিত মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশে সভাপতিত্ব করেন চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।
যুবসমাজের সদস্য মো. হারুন উর রশিদের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নীলফামারী জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নীলফামারী জেলার নায়েবে আমীর ড. খায়রুল আনাম, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আক্তারুজ্জামান জুয়েল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ভূপতি কুমার বর্মণ, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি এ.বি.এম. মঞ্জুরুল আলম সিয়াম এবং সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন।
এছাড়া যুবসমাজের প্রতিনিধি হিসেবে সেনা কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক মনিরুজ্জামান, হাফিজুল ইসলাম, অম্লাণ হোসেন, স্থানীয় নুর ইসলাম, ইউপি সদস্য আব্দুল ওহাব, মনিরুজ্জামান মনিসহ আরও অনেকে বক্তব্য দেন।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
রিপোর্টার্স২৪/রাফিদ