লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি ও নোয়াখালীর হাতিয়া উপজেলার সীমান্তবর্তী কয়েকটি ইউনিয়নে কথিত ‘ইব্রাহিম ডাকাত বাহিনীর’ তৎপরতায় আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই ভয়ভীতি প্রদর্শন ও মামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে। এ পরিস্থিতিতে বাহিনীর প্রধান ইব্রাহিম ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
রোববার (২ আগস্ট) দুপুরে সীমান্তবর্তী বয়ারচর টাংকির ঘাট এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় নারী-পুরুষসহ প্রায় এক হাজার মানুষ অংশ নেন।
অভিযুক্ত মো. ইব্রাহিম নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ঢালচর গ্রামের নুরনবী মাঝির ছেলে।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, ইব্রাহিমের নেতৃত্বে সোহেল, আলাউদ্দিন, আমজাদ ও আলতাফসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর ও নোয়াখালীর সীমান্তবর্তী ঢালচর, চরগাজী, হরনী ও সুখচর ইউনিয়নে চাঁদাবাজি, গরু-মহিষ চুরি, ডাকাতি, ছিনতাই এবং নারী নির্যাতনের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব ঘটনায় প্রায় লক্ষাধিক বাসিন্দা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে তারা দাবি করেন।
স্থানীয়দের আরও অভিযোগ, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ব্যবসায়ী ফখরুলসহ কয়েকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, দায়ীদের দ্রুত গ্রেপ্তার এবং সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত ইব্রাহিম বা সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি
রিপোর্টার্স২৪/রাফিদ