| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে অস্ত্র, মাদকসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৬ ইং | ২১:১৫:১০:অপরাহ্ন  |  ২০০৯ বার পঠিত
বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে অস্ত্র, মাদকসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও মাদকসহ আন্তঃজেলা সন্ত্রাসী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, গুলি, দেশীয় অস্ত্র, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় করতোয়া নদীর বাঁধসংলগ্ন টিএমএসএসের মেহগনি বাগানে অভিযান চালায় ডিবি। জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহারের নেতৃত্বে একাধিক টিম অভিযানটি পরিচালনা করে।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে রবিউল ইসলাম রকি (৩৩), রাকিব রহমান (২৬) ও রাফি আহমেদ (১৯)-কে গ্রেফতার করা হয়। তবে তাদের আরও ৬ থেকে ৭ জন সহযোগী অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়।

তল্লাশি চালিয়ে গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, তিন রাউন্ড গুলি, একটি বার্মিজ টিপ চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি ইলেকট্রিক শকার, দুটি দেশীয় চাপাতি, দুটি দেশীয় ছোরা, একটি স্টিলের এসএস পাইপ, ২৮৫ পিস ইয়াবা, ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ২০ হাজার ৩০০ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

ডিবির দাবি, গ্রেফতার হওয়া রবিউল ইসলাম রকি দীর্ঘদিন ধরে মহাসড়কে ছিনতাই, ডাকাতি, হানি ট্র্যাপের মাধ্যমে অপহরণ ও মুক্তিপণ আদায়, অবৈধ অস্ত্রের মহড়া এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগও রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে রবিউল ইসলাম রকির বিরুদ্ধে পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র আইন, ১৮৭৮ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪