শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শরীয়তপুর জেলা শাখার বর্ধিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ছাত্রনেতা ইমাম হোসেন মোল্লা। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, আন্দোলন-সংগ্রাম এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাঁর এ মনোনয়নকে ইতিবাচকভাবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।
শনিবার (১ আগস্ট ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক পত্রে শরীয়তপুর জেলা শাখার বর্ধিত কমিটির অনুমোদন দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরের ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের সন্তান ইমাম হোসেন মোল্লা ছাত্রজীবনের শুরু থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে দায়িত্বশীল ভূমিকা পালন করে তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন। তাঁর নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘদিনের সক্রিয় ভূমিকার কারণে তিনি জেলা ছাত্রদলের একজন পরিচিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
যুগ্ম আহ্বায়ক হিসেবে তাঁর মনোনয়নের খবর প্রকাশের পর জেলা ছাত্রদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অসংখ্য নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সমর্থক তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে শরীয়তপুর জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন মোল্লা বলেন, “কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করব। সংগঠনকে আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। দলের আদর্শ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের ভূমিকা আরও কার্যকর করতে কাজ করে যাব। এ জন্য আমি দলের সিনিয়র নেতৃবৃন্দ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
রিপোর্টার্স২৪/রাফিদ