লক্ষ্মীপুর প্রতিনিধি: গ্যাস সংকটের প্রতিবাদে লক্ষ্মীপুরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এতে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা শহরের ইসলাম মার্কেট এলাকায় গ্রিন লাইফ ফিলিং স্টেশনের সামনে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারী চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্যাস সংকটের কারণে জেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশন কার্যত বন্ধ রয়েছে। ফলে গ্যাস সংগ্রহের জন্য তাদের দূরবর্তী এলাকায় যেতে হচ্ছে, এতে সময় ও অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। আয় কমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলেও দাবি করেন তারা। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে ফিলিং স্টেশন চালুর দাবি জানান চালকরা।
এদিকে গ্যাস না থাকায় ফিলিং স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা পাম্প বন্ধ করে চলে যান বলে জানা গেছে।
লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক কামরুল হাসান জানান, গ্যাস না পাওয়ায় সিএনজিচালকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। পুলিশ তাদের সঙ্গে কথা বলে বোঝায় যে, এটি কেবল স্থানীয় নয়, জাতীয় পর্যায়ের গ্যাস সংকটের অংশ। পরে চালকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
রিপোর্টার্স২৪/রাফিদ