নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যা মামলার বাদী ফজলুল হককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২ আগস্ট) রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের এসও এলাকায় অভিযান চালিয়ে নোবেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নোবেল (৩০) সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকার রমজান শেখের ছেলে।
র্যাব-১১ জানায়, গত ১৭ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ক্যানেলপাড় এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীর সঙ্গে নোবেল শেখের কথা কাটাকাটি হয়। এ সময় স্থানীয় এক ব্যক্তি ও ফজলুল হক তাকে বিরোধ থেকে সরে আসার পরামর্শ দেন।
র্যাবের ভাষ্য অনুযায়ী, এতে ক্ষিপ্ত হয়ে নোবেল কয়েকজন সহযোগীকে ফোন করে ঘটনাস্থলে ডেকে আনেন। পরে তারা ফজলুল হককে মারধর করে গুরুতর আহত করেন।
আহত ফজলুল হক (৬৫) প্রথমে খানপুর হাসপাতালে চিকিৎসা নেন। পরে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই সকালে রক্তবমি করে মারা যান।
র্যাব জানিয়েছে, এ ঘটনায় নোবেল শেখের সঙ্গে রবিন, মিলন ও অনন্ত নামের আরও কয়েকজন জড়িত ছিলেন। নিহতের মেয়ে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, প্রায় এক বছর আগে ফজলুল হকের ছেলে ফারুক হত্যার শিকার হন। ওই হত্যা মামলার বাদী ছিলেন ফজলুল হক। ছেলে হত্যার মামলার বাদী হওয়ার পর এবার নিজেই হত্যাকাণ্ডের শিকার হলেন তিনি।
গ্রেপ্তার নোবেলকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
রিপোর্টার্স২৪/রাফিদ