নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানায় হানিফ বাস, চট্টগ্রাম রেলস্টেশন এবং জেলার আনোয়ারা থানা এলাকা থেকে পেটের ভেতরে করে ইয়াবা পাচারকারীসহ পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৯ হাজার ৯১০ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এ ছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাসও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) র্যাব-৭, চট্টগ্রাম এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত ২ ও ৩ আগস্ট এই অভিযানগুলো পরিচালিত হয়।
প্রথম অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গত ২ আগস্ট বিকেলে আনোয়ারা থানাধীন তৈলার দ্বীপ সরকার হাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে র্যাব। এ সময় একটি সিএনজি অটোরিকশা থেকে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোঃ শাহ আলম ও মোঃ রফিউল্ল্যাহকে আটক করা হয়।
তল্লাশির একপর্যায়ে তারা পেটের ভেতরে ইয়াবা বহনের কথা স্বীকার করলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এক্স-রেতে পেটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর মলত্যাগের মাধ্যমে তাদের কাছ থেকে স্কচটেপ মোড়ানো ইয়াবার পোটলা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা।
দ্বিতীয় অভিযানে গত ৩ আগস্ট দুপুরে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসায় র্যাব। এ সময় হানিফ প্লাস পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালিয়ে বাসের হেলপার মোঃ মুজিব ও চালক মোঃ আবু হানিফকে গ্রেফতার করা হয়।
বাসের সর্বশেষ সিটের পাশে পারটেক্স বোর্ড দিয়ে তৈরি বিশেষ গোপন চেম্বার থেকে স্কচটেপ মোড়ানো ইয়াবার বান্ডেল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।
তৃতীয় অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ৩ আগস্ট বিকেলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করছিল।
ট্রেনটি স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালে ট্রেনের একটি বগি থেকে স্টুয়ার্ড পরিচয়ধারী জামালপুরের মেলান্দহ থানার বাসিন্দা মো. মাহাবুর রহমান র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন, তবে র্যাব সদস্যরা তাকে ধরে ফেলেন। তার কাঁধের ব্যাগ থেকে কালো পলিথিনে মোড়ানো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১৪ লাখ টাকা।
রিপোর্টার্স২৪/ধ্রুব