| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদাবাজির মামলার পর আপত্তিকর ভিডিও ভাইরাল, এনসিপি নেতা শওকত ইমরানকে সাময়িক অব্যাহতি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ০৫:০৪:৩৬:পূর্বাহ্ন  |  ১০০৩ বার পঠিত
চাঁদাবাজির মামলার পর আপত্তিকর ভিডিও ভাইরাল, এনসিপি নেতা শওকত ইমরানকে সাময়িক অব্যাহতি

বগুড়া প্রতিনিধি: ব্যাংককর্মীকে তুলে নিয়ে মারধর, ছিনতাই ও চাঁদা দাবির মামলায় অভিযুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে তাঁর কাছে কারণ দর্শানোর ব্যাখ্যাও চেয়েছে দলটি।

মঙ্গলবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, শওকত ইমরানের বিরুদ্ধে নৈতিক স্খলন এবং সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাঁকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, কেন তাঁর বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের কাছে লিখিত ব্যাখ্যা, আত্মপক্ষ সমর্থন এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ জমা দিতে হবে। নোটিশ জারির সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে এক ব্যাংককর্মীকে জোর করে তুলে নিয়ে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং পরে বিকাশের মাধ্যমে আরও টাকা দাবি করার অভিযোগে শওকত ইমরানের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা হয়।

এদিকে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে শওকত ইমরানের ২২ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই পরদিন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় এনসিপি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪