| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে প্রতিবেশী পরিবারের হামলায় হাসপাতালে প্রবীণ, আসামিরা পলাতক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ২৩:১৫:৩৩:অপরাহ্ন  |  ৭০০ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে প্রতিবেশী পরিবারের হামলায় হাসপাতালে প্রবীণ, আসামিরা পলাতক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ছাগলে গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে এক প্রবীণ ব্যক্তির ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। হামলায় ওই ব্যক্তির হাতের রগ কেটে যাওয়ার পাশাপাশি পাঁচটি দাঁত ভেঙে গেছে এবং কানের পর্দা ফেটে গেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে রানীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই দুপুরে লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামে নাজমুল নামের এক ব্যক্তির গৃহপালিত ছাগল প্রতিবেশী মামুনুর রশিদ মামুনের রোপণ করা বেশ কিছু ফলদ ও ফুলগাছ খেয়ে ফেলে। এতে প্রায় ৪৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হলে মামুনের বাবা নওসাদ আলী প্রতিবাদ জানান এবং ছাগলটি বেঁধে রাখতে বলেন।

ওই দিন বিকেলে মামুনুর রশিদ মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে প্রবেশ করার সময় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাঁর পথরোধ করে মারধর শুরু করে। এ সময় তাঁর বাবা নওসাদ আলী ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে আসামিরা হাসুয়া, কুড়াল ও লোহার রড নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে।

হামলাকারীরা নওসাদ আলীকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তাঁর বাম হাতের কনুইয়ের ওপরে ও নিচে গুরুতর কেটে যায় এবং একটি হাতের রগ কেটে ১১টি সেলাই দিতে হয়। লোহার রড ও কাঠের আঘাতে তাঁর মুখের পাঁচটি দাঁত ভেঙে যায় এবং বাম কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হয়। এ সময় পকেট থেকে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় নওসাদ আলীকে উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে।

এ বিষয়ে রানীশংকৈল থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, ঘটনার বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা ঘটনার পর থেকে আত্মগোপনে থাকায় তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চালানো হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪