| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাঁচামরিচের কেজিতে কমেছে ১৫০ টাকা, উচ্চমূল্যেই বিক্রি হচ্ছে মুরগি ও অধিকাংশ সবজি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৬ ইং | ২০:৩২:৫৪:অপরাহ্ন  |  ২০০৩ বার পঠিত
কাঁচামরিচের  কেজিতে কমেছে ১৫০ টাকা, উচ্চমূল্যেই বিক্রি হচ্ছে মুরগি ও অধিকাংশ সবজি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিদেশ থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় রাজধানীর বাজারে এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে প্রায় ১৫০ টাকা কমেছে। বর্তমানে বাজারভেদে প্রতি কেজি কাঁচামরিচ ২৪০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে অধিকাংশ সবজির দাম এখনও ৮০ থেকে ১০০ টাকার নিচে নামেনি। একই সঙ্গে মুরগির দামও আগের সপ্তাহের উচ্চ পর্যায়েই রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে দেখা যায়, মানভেদে ২৫০ গ্রাম কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। গত সপ্তাহে একই পণ্য বিক্রি হয়েছিল প্রতি কেজি ৪০০ থেকে ৪৪০ টাকায়।

সবজির বাজারে বেগুনের দাম প্রতি কেজি ১০০ থেকে ১৮০ টাকা, টমেটো ১৪০ থেকে ২০০ টাকা এবং করলা ১০০ থেকে ১২০ টাকা। পটল, ঢেঁড়শ, কাকরোল ও ঝিঙা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। পেঁপে ৪০ টাকা এবং আলু ৩০ টাকা কেজি হলেও অধিকাংশ সবজির দাম এখনও চড়া। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমে ৫০ থেকে ৫৫ টাকায় নেমেছে।

এ ছাড়া কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, কচুরমুখি ৮০ টাকা, শসা ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, গাজর ১৪০ টাকা এবং মিষ্টি কুমড়া ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক হালি লেবু ১৫ থেকে ৩০ টাকা, দেশি ধনেপাতা ৩০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, চালকুমড়া ৬০ থেকে ৮০ টাকা এবং ক্যাপসিকাম ৩৫০ টাকা কেজি।

মুরগির বাজারে সোনালি মুরগি প্রতি কেজি ৩৩০ টাকা, সোনালি হাইব্রিড ৩০০ টাকা, লাল লেয়ার ৩৫০ টাকা, ব্রয়লার ১৯০ টাকা এবং দেশি মুরগি ৭৪০ টাকায় বিক্রি হচ্ছে।

শাকের মধ্যে লালশাকের আঁটি ২০ টাকা, লাউশাক ৫০ টাকা, কলমিশাক দুই আঁটি ২০ টাকা, পুঁইশাক ৪০ টাকা এবং ডাঁটাশাক দুই আঁটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে গরুর মাংস প্রতি কেজি ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে ৩০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশ ৩ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস, চিংড়ি, বোয়াল, পাবদা, তেলাপিয়া, কৈ, টেংরা, কাচকিসহ বিভিন্ন মাছ আকার ও প্রজাতিভেদে ১৮০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডিমের বাজারে এক ডজন লাল মুরগির ডিম ১৫০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মরিচ ও সবজির ক্ষেতে ক্ষতি হয়েছে। এতে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহে প্রভাব পড়েছে। তবে আমদানির কারণে কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে।

তালতলা বাজারের সবজি বিক্রেতা ইউনুস মিয়া বলেন, বৃষ্টির কারণে সবজির উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে কাঁচামরিচ আমদানি হওয়ায় এর দাম ইতোমধ্যে কমতে শুরু করেছে এবং আগামী সপ্তাহে আরও কমতে পারে।

ক্রেতা কবির হোসেন বলেন, বর্তমানে বাজারে এসে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে। অধিকাংশ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার নিচে নেই। একবার কোনো পণ্যের দাম বাড়লে তা সহজে আর কমে না।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪