শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ও পূর্ব নাওডোবা ইউনিয়নে পদ্মা নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে নতুন করে ভাঙন শুরু হয়েছে। এতে নদীতীরবর্তী মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৭ আগস্ট ২০২৬) পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকায় হঠাৎ নদীভাঙন শুরু হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ এসব এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ সময়মতো শেষ না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জুমার নামাজের আগে কাথুরিয়া এলাকায় হঠাৎ প্রায় ২০ ফুট জায়গা নদীগর্ভে বিলীন হয়ে যায়।
পাউবো সূত্রে জানা গেছে, জাজিরায় নদীতীর রক্ষায় ১ হাজার ২০২ কোটি টাকা ব্যয়ে ১০ দশমিক ৬৭ কিলোমিটার দীর্ঘ তীররক্ষা বাঁধ প্রকল্পের কাজ চলছে। তবে প্রকল্পের নকশা সংশোধন এবং একটি অংশের অনুমোদনে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি।
শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান জানান, অনুমোদনের কারণে কাজ কিছুটা পিছিয়ে গেলেও সার্বিক ভাঙন প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে, পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত কয়েকটি
পরিবারকে সহায়তা প্রদান করেছেন।
রিপোর্টার্স২৪/রাফিদ