| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লাশ উদ্ধার, আটক ২

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৬ ইং | ২৩:১৬:২৭:অপরাহ্ন  |  ২০৯৩ বার পঠিত
ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লাশ উদ্ধার, আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি গোডাউনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরির সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে কুতুবাইল এলাকার ‘প্যারাডাইস কেবলস লিমিটেড’-এর বন্ধ গোডাউন থেকে লাশটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, শনিবার দুপুর পৌনে ১টার দিকে কুতুবাইলের প্যারাডাইস কেবলস লিমিটেডের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা গোডাউন থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানান।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে গোডাউনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনগত প্রক্রিয়া শুরু করে।

নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)-এর ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে কাজ করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১৫ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

এদিকে, পুলিশ লাশ উদ্ধারের সময় বন্ধ গোডাউনে চুরির সঙ্গে জড়িত সন্দেহে পারভেজ (২৫) ও পিয়াস (৩০) নামে দুজনকে আটক করে। পুলিশ জানায়, আটক পারভেজের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানার চিনারকান্দী এলাকায় এবং পিয়াসের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ থানার খরমা নতুনবাজার এলাকায়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪