ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৬ বছর বয়সী এক নাবালিকাকে অপহরণের মামলায় মো. সিদ্দিকুল ইসলাম (৪৭) নামের এক আসামিকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বালুবাড়ি (ধামোর) এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার সিদ্দিকুল ইসলাম এ মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি। তিনি বালুবাড়ি (ধামোর) এলাকার মৃত বুধু মোহাম্মদের ছেলে। পরে তাঁকে বালিয়াডাঙ্গী থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ ওই কিশোরী বালিয়াডাঙ্গীর সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গত ১২ জুলাই দুপুরে খাতা-কলম কেনার জন্য বাড়ি থেকে পায়ে হেঁটে বোয়ালীমোড় বাজারের দিকে যাচ্ছিল সে।
এজাহারে বলা হয়েছে, বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে চানপুকুর এলাকায় পাকা রাস্তায় পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান করা কয়েকজন তার পথরোধ করেন। পরে মুখ চেপে ধরে তাকে একটি তিন চাকার গাড়িতে তুলে আটোয়ারীর দিকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি দেখে কয়েকজন ব্যক্তি বিষয়টি কিশোরীর পরিবারের সদস্যদের জানান। পরে পরিবারের লোকজন অভিযুক্ত ব্যক্তিদের স্বজনদের কাছে গিয়ে কিশোরীকে ফেরত দেওয়ার দাবি করেন। এজাহারে অভিযোগ করা হয়েছে, তাঁরা কিশোরীকে ফেরত দেওয়ার আশ্বাস দিলেও পরে আর ফেরত দেননি।
মামলার তদন্ত কর্মকর্তা বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘মামলাটি তদন্তাধীন। প্রাথমিক তদন্তে আসামির বিরুদ্ধে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব