| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে সিভিল সার্জন ও হাসপাতাল তত্ত্বাবধায়কের পদত্যাগ দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ০৪:১৫:২৬:পূর্বাহ্ন  |  ৬২৭৯৮ বার পঠিত
রাজবাড়ীতে সিভিল সার্জন ও হাসপাতাল তত্ত্বাবধায়কের পদত্যাগ দাবিতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী সদর হাসপাতালের অব্যবস্থাপনা, চিকিৎসক সংকট ও সাপের কামড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কের পদত্যাগ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সচেতন নাগরিক সমাজের ব্যানারে রাজবাড়ী সদর হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউসুফ আলী, আরিফ খান, শরিফুল ইসলামসহ স্থানীয়রা বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজবাড়ী সদর হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধের সংকট রয়েছে। গত ৭ আগস্ট হৃদয় নামে এক যুবককে সাপে কাটার পর হাসপাতালে নেওয়া হলেও তাকে প্রয়োজনীয় অ্যান্টিভেনম না দিয়ে ফরিদপুরে পাঠানো হয়। পরে ফরিদপুর নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।

তারা আরও অভিযোগ করেন, সাধারণ চিকিৎসার জন্য রোগীরা সদর হাসপাতালে এলেও বিভিন্ন ক্ষেত্রে তাদের ফরিদপুরে রেফার করা হয়। হাসপাতালের চিকিৎসাসেবার এই পরিস্থিতির জন্য সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ককে দায়ী করে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দক্ষ কর্মকর্তাদের নিয়োগ এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

তবে হাসপাতালে অ্যান্টিভেনম না থাকার অভিযোগ অস্বীকার করেছেন রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ হান্নান। তিনি বলেন, “অ্যান্টিভেনম না থাকার অভিযোগটি সত্য নয়। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে এবং তা জরুরি বিভাগে সংরক্ষিত থাকে।”

তিনি জানান, সাপে কাটা যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার ক্ষেত্রে জরুরি ভিত্তিতে আইসিইউ সাপোর্ট প্রয়োজন ছিল। এ কারণে তাকে ফরিদপুরে রেফার করা হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে তিনি মারা যান।

হাসপাতালের অব্যবস্থাপনার অভিযোগও অস্বীকার করে তত্ত্বাবধায়ক বলেন, এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই; এগুলো মানুষের মনগড়া কথা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪