নওগাঁ প্রতিনিধি: সৌদি আরবে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ জন বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জন এবং নাটোর জেলার তিনজন রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আত্রাইয়ের নিহতদের মধ্যে কালিকাপুর ইউনিয়নের কলি, লুৎফর, জান্ডার, রুবেল, শুভ ও সুমন; বিশা ইউনিয়নের সাগর ও মজিদুল; পাঁচুপুর ইউনিয়নের মো. জালাল এবং শাহগোলা ইউনিয়নের ফরিদ শেখ রয়েছেন।
নিহতের খবর ছড়িয়ে পড়ার পর তাঁদের নিজ নিজ বাড়িতে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় ও সংখ্যা যাচাই করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
তবে অগ্নিকাণ্ডের কারণ ও নিহতদের বিস্তারিত পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে আরও তথ্য পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/ধ্রুব