| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ৫ বিদ্যালয়ের সবাই ফেল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ২১:০৭:৪৮:অপরাহ্ন  |  ২০৭ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ৫ বিদ্যালয়ের সবাই ফেল

ঠাকুরগাঁও প্রতিনিধি: এ বছর এসএসসি পরীক্ষার ফলাফলে ঠাকুরগাঁওয়ের পাঁচটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। বিদ্যালয়গুলোর মোট ২৪ জন পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। 

এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল মাত্র চারজন। শুধু এসএসসির ফলাফল নয়, আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংকটের চিত্রও বেশ উদ্বেগজনক। বিদ্যালয়টিতে শিক্ষক রয়েছেন ১১ জন। কর্মচারীসহ মোট জনবল ১৭ জন। শিক্ষার্থীর তুলনায় শিক্ষক-কর্মচারীর সংখ্যা বেশি হলেও চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির ফলাফল হয়েছে শূন্য।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, শিক্ষার্থী কমে যাওয়ার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও ফলাফল উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মতো জেলার আরো চারটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। বিদ্যালয়গুলো হলো অনভারডিঘি উচ্চ বিদ্যালয়, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়, তেওয়ারিগাঁ উচ্চ বিদ্যালয় ও রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়।

ফলাফল অনুযায়ী, অনভারডিঘি উচ্চ বিদ্যালয়ের সাতজন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঁচজন, তেওয়ারিগাঁ উচ্চ বিদ্যালয়ের পাঁচজন এবং রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এই চার বিদ্যালয়েরও কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। অর্থাৎ, ঠাকুরগাঁওয়ের এই পাঁচ বিদ্যালয় থেকে মোট ২৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করেনি। 

জেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৩৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই পাঁচটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

জেলায় এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৯০ শতাংশ। শিক্ষাবিদরা বলছেন, একটি বিদ্যালয়ের ফলাফল শুধু পরীক্ষার আগের প্রস্তুতির ওপর নির্ভর করে না। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠদানের মান, অভিভাবকদের সচেতনতা, শিক্ষার পরিবেশ এবং বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনার ওপরও ফলাফল অনেকাংশে নির্ভরশীল।

জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার বলেন, ঠাকুরগাঁওয়ের ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এবার পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের ফলাফল পর্যালোচনা করে শিক্ষার মানোন্নয়ন, পাঠদানের পরিবেশ এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জেলা প্রশাসক রফিকুল হক বলেন, একটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস না করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শিক্ষার মানোন্নয়ন এবং পিছিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোকে ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় সহযোগিতা ও তদারকি বাড়ানো হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪