| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাটখিলে বৈষম্যবিরোধী ছাত্র ও যুবলীগের পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ১১

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৬ ইং | ০১:৩২:১৬:পূর্বাহ্ন  |  ১৭৬ বার পঠিত
চাটখিলে বৈষম্যবিরোধী ছাত্র ও যুবলীগের পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ১১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সামির হোসেনের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের চাটখিলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় চাটখিল থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকেলে হাটপুকুরিয়া ইউনিয়নের একটি এলাকায় সামির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, হাটপুকুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাবুদ্দিন ও তাঁর ভাই সোহাগের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল সামিরের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় রনি ও ফাহাদসহ কয়েকজন তাঁদের সঙ্গে ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শাহাবুদ্দিনের আরেক ভাই ও হাটপুকুরিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হারুনও ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে হামলার ঘটনায় তাঁর সরাসরি সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সামির হোসেনকে উদ্ধারের জন্য কয়েকজন এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় হাটপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শাহিন, যিনি স্থানীয়ভাবে ‘শাহিন মাস্টার’ নামে পরিচিত, এবং ছাত্রদল নেতা শরিফুর রহমান আপন হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে।

থানায় অভিযোগ দিতে গিয়ে ফের হামলার অভিযোগ

প্রথম দফার হামলার পর ভুক্তভোগীরা চাটখিল থানায় লিখিত অভিযোগ দিতে যান। অভিযোগ রয়েছে, এ সময় থানার পাশের মহাসড়কে সোহাগের নেতৃত্বে চাটখিল পৌরসভা জামায়াত-শিবিরের এক নেতার ওপর হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় রবিউল, সুজন ও শাহীন নামের তিনজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পরপর হামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি এবং জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় হাটপুকুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাবুদ্দিন ও তাঁর ভাই সোহাগসহ আরও পাঁচজন আহত হন বলে জানা গেছে। সব মিলিয়ে দুই দফার সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন।

স্থানীয়রা বলছেন, রাজনৈতিক বিরোধ ও পাল্টাপাল্টি হামলার কারণে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। তাঁরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এলাকায় উত্তেজনা সংঘর্ষের আশঙ্কা ও পুলিশ অবস্থান 

সংঘর্ষের পর হাটপুকুরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে সংঘর্ষের আশঙ্কাও দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থেকেই লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে ঘটনার সঙ্গে যাঁদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪