| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৬ ইং | ১১:২৭:০৮:পূর্বাহ্ন  |  ৫০৯ বার পঠিত
চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রিপোর্টার্স২৪ ডেস্ক: চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ায় বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে শাহরাস্তির বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নোয়াখালী থেকে যশোরগামী আল-আরাফাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ওই এলাকায় হঠাৎ করেই বাস ও ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা নিজেদের উদ্যোগে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে যোগ দেন। আটকে পড়া যাত্রীদের উদ্ধারের পাশাপাশি আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, দুর্ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। অন্য আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। উদ্ধারকাজ এখনও চলছে।

তিনি আরও বলেন, আহতদের অনেকের অবস্থাই ভালো নয়। উদ্ধারকাজ শেষ হলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়। তবে উদ্ধারকাজ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ সংশ্লিষ্টরা কাজ করছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪