কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় টাঙ্গাইলের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। শতভাগ অকৃতকার্যের এ ফলাফল নিয়ে প্রতিষ্ঠানগুলোর বিষয়ে কারণ অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে জেলা শিক্ষা অফিস।
সোমবার (১০ আগস্ট) বিকেলে জেলা শিক্ষা অফিস থেকে এ তথ্য জানানো হয়।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর টাঙ্গাইল জেলার ৭৫২টি স্কুল ও মাদ্রাসা থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় ৪৬ হাজার ৪৫১ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ২৭ হাজার ৪৭৬ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৭৩ জন।
অন্যদিকে, জেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠানগুলো হলো, ভূঞাপুর উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ও বিএম দাখিল মাদ্রাসা, ঘাটাইল উপজেলার মনতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, নাগরপুর উপজেলার সলিমাবাদ আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয় ও আগদিঘুলিয়া দাখিল মাদ্রাসা এবং মির্জাপুর উপজেলার তরফপুর বহুমুখী দাখিল মাদ্রাসা।
জেলা শিক্ষা অফিস জানিয়েছে, এসব প্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্যের পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হবে। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, যেসব প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। নোটিশের জবাব পাওয়ার পর তা পর্যালোচনা করে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/ঝুম