চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর এক কিশোর মাধ্যমিক পরীক্ষার ফল দেখতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে।
জানা গেছে , প্রাচুর্য দাশ মুগ্ধ (১৬) নামের ওই কিশোর সোমবার (১০ আগস্ট) সকাল ৮টা ৫ মিনিটের দিকে নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি।
তার নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মুগ্ধ নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া মুগ্ধ প্রকাশিত ফলাফলে ‘এ’ গ্রেড পেয়েছে। তবে ফল প্রকাশের পর আনন্দের বদলে এখন একমাত্র সন্তানকে নিয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার বাবা-মা।
স্বজনরা জানান, একমাত্র সন্তান নিখোঁজ হওয়ার পর থেকেই তার বাবা-মা অসুস্থ হয়ে পড়েছেন। সন্তানের কোনো খোঁজ না পাওয়ায় তারা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
জানা গেছে, গত ১০ আগস্ট সকাল ৮টা ৫ মিনিটের দিকে কোতোয়ালী থানার ৩৩ নম্বর ওয়ার্ডের মহিম দাশ রোড এলাকার বাসা থেকে বের হয় মুগ্ধ। এরপর দীর্ঘ সময় পার হলেও সে আর বাসায় ফেরেনি। পরিবারের সদস্যরা প্রথমে আত্মীয়স্বজন, বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরে থানায় সাধারণ ডায়েরি করেন তারা।
থানায় করা জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ মুগ্ধের উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৬৫ কেজি এবং তার রক্তের গ্রুপ ‘ও পজিটিভ’ (O+)। নিখোঁজের সময় তার পরনে ছিল সবুজ স্ট্রাইপযুক্ত সাদা রঙের শার্ট। মুগ্ধের মা দোদুল চাঁপা দে দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পরিবারের পক্ষ থেকে মুগ্ধের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তার সন্ধান পেলে থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।
কিশোরটির নিখোঁজের ঘটনায় কোতোয়ালী থানা পুলিশও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর।
রিপোর্টার্স২৪/ধ্রুব