নীলফামারী প্রতিনিধি: নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আব্দুস সাত্তার ডিমলা উপজেলায় ঝুঁকিপূর্ণ একটি কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে বিপাকে পড়েছেন। সাঁকোটির একটি অংশ ভেঙে তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী নিচে পড়ে আহত হলেও অক্ষত রয়েছেন সংসদ সদস্য।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার নাউতারা ইউনিয়নের নটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর নির্মিত কাঠের সাঁকোটি পরিদর্শনে গিয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নদীতে ব্রিজ না থাকায় স্থানীয়রা চরম ভোগান্তিতে ছিলেন। পরে তারা নিজেদের অর্থায়নে সেখানে একটি কাঠের সাঁকো তৈরি করেন। বুধবার সংসদ সদস্য আব্দুস সাত্তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাঁকোটি পরিদর্শনে যান। সেখানে গিয়ে সাঁকোটিতে ওঠার পর সেটির একটি অংশ হঠাৎ ভেঙে যায়। এতে এমপির সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী নিচে পড়ে আহত হন। তবে এ ঘটনায় সংসদ সদস্য অক্ষত রয়েছেন।
স্থানীয় বাসিন্দা আজিমুল ইসলাম বলেন, ‘এমপি আমাদের এলাকার কাঠের সাঁকোটি পরিদর্শনের জন্য আসেন। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাঁকোতে ওঠেন। এ সময় সাঁকোটি ভেঙে এমপির সঙ্গে থাকা কয়েকজন নিচে পড়ে আহত হন।’
নাউতারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ বলেন, স্থানীয়রা নিজেদের অর্থায়নে তৈরি করেছেন সাঁকোটি। বুধবার সাঁকোটি পরিদর্শনে গিয়ে আসেন এমপি। পরে তিনি তার নেতাকর্মীদের নিয়ে সাঁকোতে উঠলে সেটির একটি অংশ ভেঙে নিচে পড়ে কয়েকজন আহত হন।
এ বিষয়ে সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আব্দুস সাত্তার জানান, এলাকাবাসী নিজেদের অর্থায়নে একটি কাঠের সাঁকো তৈরি করেছেন। তিনি ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা সেটি পরিদর্শনে গিয়েছিলেন। সাঁকোটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা ওঠার পর পেছনের একটি অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন পড়ে গিয়ে তাদের জামা-কাপড় ছিঁড়ে গেছে এবং দুজন আহত হয়েছেন। সেখানে সরকারি অর্থায়নে ব্রিজ নির্মাণের জন্য কর্তৃপক্ষের সঙ্গে তিনি আলোচনা করবেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব