পঞ্চগড় প্রতিনিধি: বৈধ লাইসেন্স না থাকায় পঞ্চগড় জেলা শহরের তেঁতুলিয়া রোডস্থ আনোয়ার প্লাজায় অবস্থিত ‘মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার’ বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (১২ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের এক নোটিশে প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, লিভার রোগে আক্রান্ত সাইদুজ্জামান রেজা (৪৪) নামে এক রোগী গত ১০ আগস্ট পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালে রক্ত পরীক্ষা (SGPT) করালে রিপোর্ট আসে ১২৭ U/L। পরে একই দিন নিশ্চিত হওয়ার জন্য মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে রিপোর্ট আসে ২৬.৭ U/L। রিপোর্টে বিশাল গরমিল দেখে সন্দেহ হলে পরদিন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে তিনি তৃতীয়বারের মতো পরীক্ষা করান, যেখানে ফলাফল আসে ১২১ U/L।
মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্টের কারণে প্রতারিত ও চিকিৎসায় ঝুঁকির মুখে পড়ে গত ১১ আগস্ট সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ওই রোগী।
অভিযোগের ভিত্তিতে ১২ আগস্ট সকালে জেলা স্বাস্থ্য বিভাগের টিম প্রতিষ্ঠানটিতে সরজমিন পরিদর্শনে যায়। তদন্তকালে ডায়াগনস্টিক সেন্টারটির হালনাগাদ কোনো কাগজপত্র বা বৈধ লাইসেন্স দেখাতে না পারায় সিভিল সার্জন কার্যালয় থেকে স্মারক নং-সিএ-স/পঞ্চ/প্রশা/২০২৬/৯৪৫ মোতাবেক তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ পাওয়ার পর কর্তৃপক্ষ ডায়াগনস্টিক সেন্টারের সামনে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগের পর তদন্তে গিয়ে প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স না পাওয়ায় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স ঠিক না করা পর্যন্ত ডায়াগনস্টিক সেন্টারটি চালু করা যাবে না।
রিপোর্টার্স২৪/ধ্রুব