চট্টগ্রাম প্রতিনিধি: লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর এক নেতার পরিচালিত মাদরাসা থেকে কৃষকদের বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদরাসার অভিযান চালিয়ে এসব বীজ উদ্ধার করা হয়।
বীজগুলো কৃষকদের মধ্যে বিতরণের কথা থাকলেও তা বিতরণ না করে মাদরাসার একটি কক্ষে রাখা হয়েছিল বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। অভিযুক্ত শামসুল ইসলাম হেলালী চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির। একই সঙ্গে তিনি জামেউল উলুম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্বে রয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ-বিন-আকন্দ মাদরাসা পরিদর্শনে গেলে সুপারের কার্যালয়ের পাশের একটি কক্ষ তালাবদ্ধ দেখতে পান। পরে কক্ষটি খুলে সেখানে রাখা ১৩ বস্তা আমন ধানের বীজ পাওয়া যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, কৃষকদের বিনামূল্যে দেওয়ার জন্য প্রায় ২০ দিন আগে এসব বীজ পাঠানো হয়েছিল। চরম্বা ইউনিয়ন দূরবর্তী হওয়ায় কৃষকদের দুই প্রতিনিধির মাধ্যমে বীজগুলো পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে বীজ বিতরণ না হওয়ায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে শামসুল ইসলাম হেলালী দাবি করেন, কৃষকদের বিতরণের জন্য তাঁদের ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল। এর মধ্যে চার বস্তা কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। বাকি বীজ মাদরাসায় রাখা হয়েছিল এবং ব্যস্ততার কারণে সেগুলো আর বিতরণ করা সম্ভব হয়নি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন-আকন্দ জানান, উদ্ধার করা বীজ স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ঘটনায় মাদরাসার ভারপ্রাপ্ত সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব