| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৬ ইং | ১৭:১০:০১:অপরাহ্ন  |  ৫৬৪ বার পঠিত
আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না

রিপোর্টার্স২৪ ডেস্ক:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। একই সঙ্গে তিনি বঙ্গবন্ধুর স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে অবদানের প্রশংসা করলেও তাঁর পরবর্তী শাসনামলের কঠোর সমালোচনা করেছেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল।

পোস্টে তিনি লেখেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর বহু কারণ রয়েছে। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান ‘অনস্বীকার্য ও অতুলনীয়’ বলেও উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি।

আসিফ নজরুল বলেন, দীর্ঘ এই সময়ে গণতন্ত্র, মানুষের অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক ভিন্নমতের প্রতি বঙ্গবন্ধুর সুস্পষ্ট কমিটমেন্ট ছিল। ১৯৭২ সালের ৪ নভেম্বর পর্যন্ত গণপরিষদের বিতর্কের দলিলেও এর প্রতিফলন পাওয়া যায় বলে উল্লেখ করেন তিনি।

তবে দেশ পরিচালনায় বঙ্গবন্ধু দক্ষ ছিলেন না বলেও মন্তব্য করেন আসিফ নজরুল। তার মতে, ১৯৭১-পরবর্তী বাংলাদেশ পরিচালনা করা নানা কারণে অত্যন্ত কঠিন ছিল। কিন্তু ১৯৭২ সালের পর বঙ্গবন্ধুর ক্রমে আরও ‘অত্যাচারী ও স্বৈরাচারী’ শাসকে পরিণত হওয়াকে কোনোভাবেই জাস্টিফাই করা যায় না।

তিনি বঙ্গবন্ধুর শাসনামলের দুর্ভিক্ষ, নির্বিচার হত্যা ও একদলীয় শাসন প্রতিষ্ঠারও সমালোচনা করেন। একই সঙ্গে এসব নেতিবাচক অধ্যায়ের পরও স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর জীবনব্যাপী অবদানের কারণে অনেক মানুষ তাকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন বলে উল্লেখ করেন।

আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার শাসনামল তার মতো মানুষের জন্য বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশকে কঠিন করে তুলেছে। শেখ হাসিনার শাসনকে তিনি ‘আইডেনটিটি-বেসড ফ্যাসিজমের একটি নিকৃষ্ট উদাহরণ’ হিসেবে উল্লেখ করেন।

তার দাবি, শেখ হাসিনা নিজের শাসন চাপিয়ে দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে যথেচ্ছভাবে ব্যবহার করেছেন। এর ফলে বঙ্গবন্ধু জুলাই গণঅভ্যুত্থানের প্রতিপক্ষ হয়ে ওঠেন এবং শেখ হাসিনার আমলেই বঙ্গবন্ধুর ‘দ্বিতীয় মৃত্যু’ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের কথা স্মরণ করে আসিফ নজরুল বলেন, এদিন বঙ্গবন্ধু তাঁর পরিবারের প্রায় সব সদস্যসহ নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও তাঁর জন্য দোয়া করার কথাও জানান সাবেক এই আইন উপদেষ্টা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪