পঞ্চগড় প্রতিনিধি: ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির সরকারি ছুটির কারণে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে শনিবার (১৫ আগস্ট) একদিনের জন্য সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
ফলে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পাথরসহ দুই দেশের মধ্যকার সব প্রকার পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য স্থগিত রয়েছে। তবে পণ্য পরিবহন বন্ধ থাকলেও বাংলাবান্ধা ও ফুলবাড়ী বন্দর দিয়ে স্বাভাবিক থাকবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জিল্লুর রহমান জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সেদেশে সরকারি ছুটি থাকায় ফুলবাড়ী ও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সড়কপথে পণ্য আদান-প্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বন্দর সূত্রে জানা যায়, শনিবার একদিন বন্ধ থাকার পর আগামী রোববার (১৬ আগস্ট) সকাল থেকে পুনরায় পূর্বের নিয়ম অনুযায়ী বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে স্বাভাবিক গতিতে শুরু হবে দ্বিপাক্ষিক বাণিজ্য কার্যক্রম।
রিপোর্টার্স২৪/ধ্রুব