ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ভাঙ্গা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ঢেউটিন, পেঁয়াজের বীজ, এয়ার ফ্লো মেশিন, মশক নিধন যন্ত্র, পরিচ্ছন্নতা সামগ্রী ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন।
রোববার (১৬ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়, দরিদ্র, কৃষক, ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
দুর্যোগ বা আর্থিক সংকটে থাকা দরিদ্র পরিবারের বসতঘর মেরামত ও নিরাপদ আবাসনের জন্য ঢেউটিন বিতরণ করা হয়। এতে উপকারভোগী পরিবারগুলো উপকৃত হবেন বলে জানান সংশ্লিষ্টরা।
এ ছাড়া কৃষকদের মধ্যে পেঁয়াজের বীজ ও এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়। এসব উপকরণ পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণে সহায়ক হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন। তাঁর মতে, পেঁয়াজ সংরক্ষণের সুযোগ বাড়লে কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার সম্ভাবনাও বাড়বে।
মশার উপদ্রব কমাতে বিভিন্ন প্রতিষ্ঠান ও জনসেবামূলক কার্যক্রমে ব্যবহারের জন্য মশক নিধন যন্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী দেওয়া হয়।
এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, মানুষের প্রয়োজন ও কল্যাণকে অগ্রাধিকার দিয়ে জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ভাঙ্গার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও এলাকার সার্বিক কল্যাণে তিনি সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, দরিদ্র পরিবার, কৃষক, পরিচ্ছন্নতা কার্যক্রম ও ক্রীড়াঙ্গনে সহযোগিতা স্থানীয় মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব