বাউফল প্রতিনিধি: মৎস্য উৎপাদন বৃদ্ধি ও দেশীয় প্রজাতি সংরক্ষণের আহ্বান জানিয়ে পটুয়াখালীর বাউফলে পালিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬।
"রূপালী মৎস্যে গড়বির দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাউফল পৌর জামায়াতের সেক্রেটারি নুরে আলম এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের শুভেচ্ছা পত্র পাঠ করেন। তিনি বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের বিকল্প নেই। নিরাপদ ও প্রযুক্তিনির্ভর মৎস্যচাষ সম্প্রসারণে সরকার কাজ করছে।
উপজেলা এসিল্যান্ড সোহাগ মিলু বলেন, জলাশয় দখল ও পোনা নিধন বন্ধ করে দেশীয় মাছ রক্ষা করতে হবে।
অনুষ্ঠানে মৎস্যচাষে অবদানের জন্য ৫ জন সফল চাষিকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ, জনপ্রতিনিধি ও দুই শতাধিক মৎস্যচাষি উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব