| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৬ ইং | ১১:০১:২৯:পূর্বাহ্ন  |  ২১০২ বার পঠিত
চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি

রিপোর্টার্স২৪ ডেস্ক: টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। জলাবদ্ধ সড়কে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যাওয়ায় বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বৃষ্টির সঙ্গে যানবাহন সংকট যুক্ত হওয়ায় জনভোগান্তি আরও বেড়েছে।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার (১৭ আগস্ট) সকাল পর্যন্ত অব্যাহত থাকে। রাতভর বৃষ্টির পর সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় পানি আরও বাড়তে শুরু করে। এতে অনেক সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে যায়। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমে থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

নগরীর রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, নিউমার্কেট, রিয়াজুদ্দিন বাজার, কাপাসগোলা ও কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার চিত্র দেখা গেছে। এসব এলাকার সড়কে পানি জমে থাকায় পথচারীদের পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। অনেক জায়গায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। কোথাও আবার পানি জমে থাকায় যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।

ভারী বৃষ্টির কারণে নগরীর আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারেও জলজট সৃষ্টি হয়েছে। ফ্লাইওভারের ওপর দিয়ে যানবাহন চলাচলের সময় পানি ওপর-নিচে ছিটকে পড়তে দেখা গেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

তিনি বলেন, লঘুচাপের প্রভাব ও মৌসুমি বায়ুর কারণে চট্টগ্রামে আরও দুই থেকে তিন দিন বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে নগরীর আমবাগান আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ বিজয় রায় জানান, গত ২৪ ঘণ্টায় সেখানে ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে পরবর্তী তিন ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ভারী বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। জলাবদ্ধ সড়কে কোথাও ধীরগতিতে যানবাহন চলছে, আবার কোথাও পানির মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে পথচারীদের। বিশেষ করে সকালে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় ভোগান্তিতে পড়েছেন মানুষ।

রাহাত্তারপুল এলাকার বাসিন্দা খাদিজা জান্নাত সুজন বলেন, রাত থেকে বৃষ্টি হচ্ছে। সকালে বের হয়ে দেখি রাস্তায় পানি আরও বেড়েছে। হাঁটুসমান পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। প্রতি বছর বর্ষায় একই ভোগান্তি হলেও স্থায়ী সমাধান হচ্ছে না।

বাকলিয়া এলাকার বাসিন্দা ফকরুল আলম বলেন, সকালে অফিসে যাওয়ার সময় রাস্তায় অনেক পানি পেয়েছেন। একই সঙ্গে সড়কে যানবাহনের সংখ্যাও কম ছিল। ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় লেগেছে।

বহদ্দারহাট এলাকার বেসরকারি চাকরিজীবী এস এম গিয়াস উদ্দিন বলেন, সড়কে পানি জমে থাকায় স্বাভাবিকভাবে হাঁটাও কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের বেশি সমস্যা হচ্ছে। অনেকে পানি মাড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বাধ্য হচ্ছে।

জলাবদ্ধতার পাশাপাশি চলমান গ্যাস সংকটও নগরবাসীর দুর্ভোগ বাড়িয়েছে। গ্যাসের সংকটের কারণে নগরীর সড়কে গণপরিবহনের সংখ্যাও তুলনামূলক কম দেখা গেছে। গ্যাসের অভাবে অনেক সিএনজিচালিত অটোরিকশা সড়কে নামেনি।

ফলে একদিকে জলাবদ্ধ সড়কে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে, অন্যদিকে পর্যাপ্ত যানবাহন না থাকায় অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। কোথাও কোথাও পানির মধ্যে দাঁড়িয়ে থাকা যাত্রীদের গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

নগরবাসীর অভিযোগ, সামান্য ভারী বৃষ্টিতেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে পানি জমে যায়। এবারও রাতভর বৃষ্টির পর সোমবার সকাল থেকে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জলাবদ্ধতার কারণে প্রতিবছরই বর্ষা মৌসুমে একই ধরনের দুর্ভোগ পোহাতে হলেও এর স্থায়ী সমাধান হচ্ছে না বলে অভিযোগ তাদের।

শুধু চট্টগ্রাম নগরী নয়, আশপাশের উপজেলাগুলোতেও ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বোয়ালখালীর বিভিন্ন এলাকাতেও বৃষ্টির পানি জমে জনজীবন ব্যাহত হয়েছে।

বোয়ালখালীর চরখিজিরপুর-সাতগড়িয়াপাড়া এলাকায় পুরো বর্ষাজুড়েই জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কে পানি জমে থাকায় স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চলাচলে ভোগান্তি হচ্ছে। অনেককে পানি মাড়িয়ে গন্তব্যে যেতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে ওই এলাকায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হওয়ায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়। বৃষ্টির পর পানি দ্রুত নেমে না যাওয়ায় সড়ক ও আশপাশের এলাকায় দীর্ঘ সময় ধরে পানি জমে থাকে।

নগরবাসীর অভিযোগ, সামান্য ভারী বৃষ্টিতেই নগরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অল্প সময়ের ভারী বৃষ্টিও অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি করে। এতে প্রতি বর্ষা মৌসুমেই দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে।

তাদের দাবি, শুধু বৃষ্টির পর পানি সরিয়ে সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেই সমস্যার সমাধান হবে না। জলাবদ্ধতার মূল কারণ চিহ্নিত করে কার্যকর ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নগরীর খাল-নালা ও পানি নিষ্কাশনব্যবস্থা সচল রাখার পাশাপাশি দ্রুত জলাবদ্ধ পানি অপসারণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় যখন জনজীবন বিপর্যস্ত, তখন দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগের প্রত্যাশা করছেন নগরবাসী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪