কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আঃআলিম নামে এক ব্যক্তিকে ১০০ টাকা অর্থদণ্ড ও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) কালিহাতী উপজেলায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বিসমিল্লাহ নার্সিং হোম, কালিহাতী পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও তানিজা ক্লিনিককে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী উপজেলার বল্লা মধ্যপাড়া এলাকার মৃত আঃ হকের ছেলে আঃআলিমকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।
নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে আইন ও বিধিবিধান মেনে সেবা কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানও অব্যাহত থাকবে। আইন লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান ও আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব