| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৬ ইং | ০০:২৫:০৪:পূর্বাহ্ন  |  ৪৭০ বার পঠিত
নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত (২০) হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জজ আদালত।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে জেলা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

মৃত ওয়াজেদ সীমান্ত এআইইউবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকার মো. আলম পরাভেজের ছেলে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১২ ডিসেম্বর সকাল ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দেওভোগের মিন্নত আলী শাহ্ সাহেবের মাজারের সামনে সীমান্তকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এ সময় তাঁর কাছ থেকে একটি মুঠোফোন ও ১ হাজার ৮০০ টাকা নিয়ে যায় তারা।

গুরুতর আহত সীমান্তকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর দিবাগত রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

মামলার আইনজীবী মোহাম্মদ নাজিবুল্লাহ বিপু জানান, মামলায় মোট ২৭ জন সাক্ষী ছিলেন। তাঁদের মধ্যে ২৪ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন অনিক, আকাশ ও চান্দি বাবু। তাঁরা ছিনতাইকারী দলের সদস্য বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

আইনজীবী জানান, অনিকের বিরুদ্ধে পাঁচটি এবং আকাশের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। চান্দি বাবুর বিরুদ্ধে ২০২০ সালে নগরীর দ্বিগুবাবুর বাজারের সামনে এক সবজি ব্যবসায়ীকে ছিনতাইয়ের সময় হত্যার অভিযোগে মামলা রয়েছে। আকাশের বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে ছিনতাইয়ের সময় হত্যার অভিযোগের একটি মামলা রয়েছে। অন্য মামলাগুলো মাদক ব্যবসা, ছিনতাই ও সন্ত্রাসের অভিযোগে করা।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত সীমান্তের বাবা মোহাম্মদ আলম পরাভেজ। তিনি রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪