শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া-সখিপুর এলাকার হতদরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে নিজ উদ্যোগ ও অর্থায়নে ২১৬ জনকে বিনা খরচে বিদেশ পাঠানোর উদ্যোগ নিয়েছেন, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি মো. সফিকুর রহমান কিরণ। এরই ধারাবাহিকতায় প্রথম ধাপে ৫৩ যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট তুলে দেওয়া হয়েছে।
রাজধানীর মেটকো এন্টারপ্রাইজের প্রধান কার্যালয়ে বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে বিদেশগামী যুবকদের হাতে এসব ভিসা ও বিমান টিকিট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে মেটকো এন্টারপ্রাইজের চেয়ারম্যান ফারহানা কাদির রহমান সহ স্থানীয় প্রশাসন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ফারহানা কাদির রহমান বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হলেও এমপি সফিকুর রহমান কিরণ সেই অর্থ নিজের জন্য নয়, নিজ এলাকার মানুষের কল্যাণে ব্যয় করছেন। বিদেশগামীদের কর্মসংস্থান, আত্মনির্ভরতা ও পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করতে মনোযোগী হওয়ার পাশাপাশি বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।
এসময় এমপি সফিকুর রহমান কিরণ বলেন, হতদরিদ্র ও অসহায় পরিবারগুলোর আর্থিক সচ্ছলতা ফেরাতেই বিনা খরচে বিদেশে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশগামীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হয়েছে। ২১৬ জনের মধ্যে প্রথম ধাপে ৫৩ জনকে ভিসা ও টিকিট দেওয়া হয়েছে; ধাপে ধাপে বাকিদেরও বিদেশে পাঠানো হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব