| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় ছেলে খুন হওয়ার খবর শুনে বৃদ্ধ মায়ের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৬ ইং | ১২:৪৭:০৩:অপরাহ্ন  |  ৭৭৩৮৮ বার পঠিত
কাপাসিয়ায় ছেলে খুন হওয়ার খবর শুনে বৃদ্ধ মায়ের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর শিমুলতুলী এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক অটোচালককে হত্যা করার অভিযোগ উঠেছে। 

নিহত অটোচালকের নাম আতা মিয়া (৬০)। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে এক ঘণ্টার ব্যবধানে তার বৃদ্ধা মা জহুরা খাতুনের (৭৫) স্ট্রোকে মৃত্যু হয়েছে। পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত আতা মিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাটনা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (২০ আগষ্ট ) সন্ধ্যার পর মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি মেঠোপথের নির্জন স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।  

এ বিষয়ে কাপাসিয়া উপজেলার আড়াল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের শিমুলতলী সড়কের ফাঁকা স্থানে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে লাশ উদ্ধার করা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের আত্মীয় মোস্তফা আকন্দ জানান, আতা মিয়া অত্যন্ত ধার্মিক ও সৎ মানুষ ছিলেন। বৃদ্ধ বয়সেও তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার ধারণা, অটোরিকশা ছিনতাইকারীরা ভাড়ার কথা বলে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে হত্যা করেছে এবং অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির আহমদ জানান, ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরো জানান, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

তবে স্থানীয়দের দাবি, দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪