কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি লেগুনা ছিটকে খাদে পড়ে গেছে। এতে মাসুদ নামে লেগুনাচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯ টার দিকে উপজেলার এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ কালিহাতী উপজেলার আইসড়াবাড়ী গ্রামের বাসিন্দা।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এএসআই এনামুল জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি রাজাবাড়ী এলাকা অতিক্রম করছিল। একই সময়ে লেগুনা নিয়ে ওই অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন মাসুদ।
ক্রসিং পার হওয়ার মুহূর্তে ট্রেনটি লেগুনাটিকে ধাক্কা দিলে সেটি রেললাইনের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মাসুদের মৃত্যু হয়।
পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্টার্স২৪/ঝুম