| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেধার সঙ্গে নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে ওঠার আহ্বান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৬ ইং | ০৬:৩৮:১৭:পূর্বাহ্ন  |  ৩০৫ বার পঠিত
মেধার সঙ্গে নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে ওঠার আহ্বান

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায়-২০২৬ এ জিপিএ-৫ পাওয়া ১২৯ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাউফল উপজেলা শাখা। একই সঙ্গে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিদেরও সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "জিপিএ-৫ জীবনের শেষ সাফল্য নয়, এটি ভবিষ্যতের বড় সাফল্যের প্রথম ধাপ। মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে উচ্চশিক্ষায় নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। পাশাপাশি নৈতিকতা, সততা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে।"

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও পুরস্কার তুলে দেন। 

সাদিক কায়েম বলেন, "শুধু ভালো ফলাফলই শিক্ষার পূর্ণতা নয়। মেধার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। বাবা-মায়ের ত্যাগকে স্মরণ করে তাদের স্বপ্ন পূরণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানাই।"

বক্তারা বলেন, এখন থেকেই নির্দিষ্ট লক্ষ্য ও অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে বাউফলের কৃতী সন্তান ড. শফিকুল ইসলাম মাসুদের শিক্ষা ও কর্মজীবনকে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে তুলে ধরা হয়।

বাউফল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় আইন ও দাওয়াহ সম্পাদক অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মু. মাজহারুল ইসলাম, মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া, পটুয়াখালী জেলা শিবিরের সভাপতি কেএম তামিম, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

সঞ্চালনা করেন উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ। অনুষ্ঠানে ৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪