| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশকে কামড়ে পালাল মাদক কারবারি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৬ ইং | ২২:০৫:৪১:অপরাহ্ন  |  ১২৮ বার পঠিত
পুলিশকে কামড়ে পালাল মাদক কারবারি

নারায়নগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ আটকের পর পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মো. রাজু মিয়া নামের এক মাদক কারবারিকে মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়া ও আসামি পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে তার বড় ভাই আক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃত দুই ভাইকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনগত রাতে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সোনারগাঁ উপজেলার তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০ পিস ইয়াবাসহ মো. রাজু মিয়াকে আটক করে পুলিশ। পরে তার হাতে হাতকড়া পরিয়ে ফাঁড়িতে নিয়ে আসার সময় রাজুর পরিবারের সদস্য ও স্থানীয় কিছু লোক তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই সুযোগে আটক রাজু মিয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দীনের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান।

ঘটনার পর পুলিশি তৎপরতা জোরদার করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পুনরায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে হাতকড়াসহ রাজু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় মাদক কারবারে ও আসামি পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে তার বড় ভাই আক্তার হোসেনকেও আটক করা হয়।

তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. জসিম উদ্দিন জানান, হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক কারবারিকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক কারবারে ও পুলিশকে আক্রমণ করে পালিয়ে যেতে সহযোগিতা করার অপরাধে তার ভাইকেও আইনের আওতায় আনা হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে গ্রেপ্তারকৃত দুই ভাইকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

‎রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪