| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় আর্সেনিক মুক্ত পানির জন্য অর্ধশতাধিক পরিবারের হাহাকার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৬ ইং | ১৯:০৮:৫৫:অপরাহ্ন  |  ২৪২৬ বার পঠিত
ভাঙ্গায় আর্সেনিক মুক্ত পানির জন্য অর্ধশতাধিক পরিবারের হাহাকার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের চরদুয়াইর গ্রামে নিরাপদ ও আর্সেনিকমুক্ত পানির সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন অর্ধশতাধিক পরিবার। দীর্ঘদিন ধরে এসব পরিবার বাধ্য হয়ে আর্সেনিকযুক্ত নলকূপের পানি পান করছেন বলে অভিযোগ স্থানীয়দের।

আড়িয়াল খাঁ নদীবেষ্টিত চরদুয়াইর গ্রামে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক মানুষের বসবাস। স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও গ্রামটির নদীতীরবর্তী এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্ক—সবাই স্বাস্থ্যঝুঁকি নিয়ে আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করছেন।

ভুক্তভোগীরা জানান, নিরাপদ পানির ব্যবস্থা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ভোটের সময় জনপ্রতিনিধিরা নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর সাধারণ মানুষের সমস্যার খোঁজ নেওয়া হয় না বলেও অভিযোগ তাদের।

গ্রামবাসীর দাবি, আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন পান করলে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তারপরও বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই ওই পানি পান ও ব্যবহার করতে হচ্ছে তাদের। দ্রুত একটি আর্সেনিকমুক্ত নিরাপদ পানির নলকূপ স্থাপনের জন্য স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

স্থানীয় বাসিন্দা শাহ আলম সম্রাট বলেন, চরদুয়াইর গ্রামের অধিকাংশ মানুষই অসহায় ও দরিদ্র। নিজেদের অর্থায়নে নিরাপদ পানির ব্যবস্থা করা তাদের পক্ষে সম্ভব নয়। সরকারি উদ্যোগে দ্রুত একটি নিরাপদ পানির ব্যবস্থা করা প্রয়োজন।

শারীরিক প্রতিবন্ধী নাসিমা বেগম বলেন, ‘আমার নিজের থাকার ঘর ছিল না। সরকার আমাকে একটি ঘর দিয়েছে। কিন্তু এত মানুষের বসবাসের এলাকায় খাবার পানির জন্য একটি নিরাপদ কলও নেই। আর্সেনিকের ঝুঁকি সম্পর্কে জানার পরও বাধ্য হয়ে আর্সেনিকযুক্ত পানি পান করতে হচ্ছে।’

এ বিষয়ে নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। তবে চরদুয়াইর গ্রামের অর্ধশতাধিক পরিবার আর্সেনিকমুক্ত পানির সংকটে রয়েছে—এ বিষয়টি তার জানা ছিল না। কেউ তাকে বিষয়টি অবহিত করেননি। তিনি বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। ওই পরিবারগুলোর জন্য আর্সেনিকমুক্ত নিরাপদ পানির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।’

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে চরদুয়াইর গ্রামের অর্ধশতাধিক পরিবারের জন্য নিরাপদ ও আর্সেনিকমুক্ত পানির ব্যবস্থা করবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪