চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ও অনলাইন আবেদন সংক্রান্ত সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি ভর্তি পরীক্ষা ও অনলাইনে আবেদন গ্রহণের সময়সূচি নির্ধারণ করেছে। গত ২৩ আগস্ট প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্ভাব্যভাবে ২৯ জানুয়ারি ২০২৭ থেকে শুরু হবে। এর মধ্যে C ইউনিটের পরীক্ষা ২৯ জানুয়ারি, A ইউনিটের পরীক্ষা ৩০ জানুয়ারি, B ইউনিটের পরীক্ষা ৫ ফেব্রুয়ারি এবং D ইউনিটের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া B1 উপ-ইউনিটের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, B2 উপ-ইউনিটের পরীক্ষা ৪ ফেব্রুয়ারি এবং D1 উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, A, B, C ও D ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে B1, B2 ও D1 উপ-ইউনিটের পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশিত সময়সূচি সম্ভাব্য। প্রয়োজনে এতে পরিবর্তন আসতে পারে। চূড়ান্ত সময়সূচি ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
রিপোর্টার্স২৪/রাফিদ