| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৬ ইং | ২২:৩৪:৩৬:অপরাহ্ন  |  ৮২৪ বার পঠিত
কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামে ‘সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ী’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২৩ আগস্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০২৫ সালের ৫ জানুয়ারি রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ায় (আরএমটিএ) বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ অনুশীলন অনুষ্ঠিত হয়। ওই সময় রাজবাড়ীর বেসামরিক প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও নিজস্ব অর্থায়নে একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনে সম্মতি দেন সেনাবাহিনী প্রধান।

এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১৭ ডিসেম্বর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামে ‘সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ী’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

প্রতিষ্ঠানটিতে একটি আটতলা একাডেমিক ভবন, লাইব্রেরি কমপ্লেক্স এবং শিক্ষকদের জন্য আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে রাজবাড়ী ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং সুশিক্ষিত ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে ভূমিকা রেখে আসছে। কালুখালীর নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানটিও এ অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোর্শেদ, জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মো. হাফিজুর রহমান, পরিচালক কল্যাণ ও পুনর্বাসন পরিদপ্তর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রশিদুল ইসলাম, কমান্ডার ৫৫ আর্টিলারি ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল মোসাদ্দেক আবু সাঈদ, কর্নেল এডমিন কর্নেল মো. শহীদুর রহমান, রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুস সালাম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম, সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ীর অধ্যক্ষসহ সংশ্লিষ্টরা।

এ ছাড়া রতনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম মন্ডল, সাবেক সদস্য আব্দুল জব্বার মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, কালুখালীতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা রাজবাড়ীর শিক্ষা ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। ভবিষ্যতে হাইস্কুল ও কলেজের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়সহ আরও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের প্রত্যাশা রয়েছে তাদের। একই সঙ্গে এ এলাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪