| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে ৬৮ লাখ ৮০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, বিক্রেতাকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৬ ইং | ১৪:২২:০২:অপরাহ্ন  |  ১৮৮১ বার পঠিত
নরসিংদীতে ৬৮ লাখ ৮০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, বিক্রেতাকে জরিমানা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার মাধবদী বাজারে নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৬৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ জাল জব্দ করেছে জেলা প্রশাসন। এ সময় এক জাল বিক্রেতাকে আটক করে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশক্রমে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দিকনির্দেশনায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।

অভিযানকালে মাধবদী হাটের মাঝখানে প্রকাশ্যে বিক্রয়ের জন্য রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৮ লাখ ৮০ হাজার টাকা।

মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে উন্মুক্ত স্থানে জাল বিক্রির সঙ্গে জড়িত অধিকাংশ বিক্রেতা জাল ফেলে বিভিন্ন দিকে পালিয়ে যায়। তবে অভিযানকালে একজন জাল বিক্রেতাকে আটক করা সম্ভব হয়। পরে তাকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরবর্তীতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, নরসিংদী সদরের উপস্থিতিতে জব্দ করা বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল মাধবদী হাটের উন্মুক্ত স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা ও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা. মরিয়ম আক্তার এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, নরসিংদী সদর রওনক জাহান।

নিষিদ্ধ জালের ব্যবহার ও বিক্রয় রোধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪