| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে পমিজাম মেটালে ঢুকে ৭ দিনের মধ্যে কারখানা বন্ধের হুমকি, অগ্নিসংযোগের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৬ ইং | ১২:১১:৫০:অপরাহ্ন  |  ৯৬ বার পঠিত
কালিহাতীতে পমিজাম মেটালে ঢুকে ৭ দিনের মধ্যে কারখানা বন্ধের হুমকি, অগ্নিসংযোগের অভিযোগ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় পমিজাম মেটাল কারখানায় একদল লোক ঢুকে সাত দিনের মধ্যে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ের মধ্যে কারখানা বন্ধ না করলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ। এ ঘটনায় শ্রমিক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কারখানা কর্তৃপক্ষের প্রতিনিধি কামাল হোসেনের অভিযোগ, এর আগে স্থানীয় একটি চক্র তাদের কাছে চাঁদা দাবি করেছিল। সেই দাবি অনুযায়ী চাঁদা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে চক্রটি স্থানীয় কয়েকজনকে বিভ্রান্ত করে গত ২৩ আগস্ট দুপুরে ২০ থেকে ২৫ জনের একটি দল নিয়ে কারখানায় প্রবেশ করে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তিরা কারখানার ভেতরে ঢুকে শ্রমিকদের ভয়ভীতি দেখান এবং সাত দিনের মধ্যে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়ার সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে কারখানা বন্ধ না করলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে কারখানার কর্মী জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার সময় তিনি কারখানার একটি কক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ বাইরে থেকে দরজায় জোরে ধাক্কাধাক্কির শব্দ শুনতে পান। পরে জানালা দিয়ে তাকালে কয়েকজন তাকে গেট খুলে দিতে বলেন।

জাহাঙ্গীর আলমের ভাষ্য, পরে গেট খুলে দিলে ওই ব্যক্তিরা কারখানা বন্ধ করে দেওয়ার কথা জানান এবং এর জন্য সাত দিনের সময় দেন। একই সঙ্গে তাকে ও অন্য শ্রমিকদের ভয়ভীতি দেখানো হয়।

তিনি আরও দাবি করেন, কারখানার বাইরে বের হলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। ঘটনার পর বিষয়টি মালিকপক্ষকে জানানো হলেও তাৎক্ষণিকভাবে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

জাহাঙ্গীর আলম বলেন, পরে সন্ধ্যার দিকে পুলিশ কারখানায় এসে ঘটনার বিষয়ে তার কাছে জানতে চায়। তিনি পুলিশকে কারখানা ও ঘটনার বিষয়ে যা জানেন, সেটিই জানিয়েছেন। তবে হামলা বা হুমকি দিতে আসা ব্যক্তিদের কাউকেই তিনি চিনতে পারেননি বলে জানান।

এদিকে, ঘটনার দিন সন্ধ্যায় কারখানার বিষয়ে নিজেদের অবস্থান জানাতে স্থানীয় কয়েকজন কালিহাতী থানার প্রধান ফটকের সামনে জড়ো হন বলে জানা গেছে। তবে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কারখানা কর্তৃপক্ষের দাবি, পমিজাম মেটাল প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নিয়েই পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে এবং নিয়মিতভাবে সরকারি রাজস্বও পরিশোধ করা হয় বলে দাবি তাদের।

কর্তৃপক্ষের আশঙ্কা, কারখানায় অগ্নিসংযোগের হুমকি বাস্তবে রূপ নিলে শুধু শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তাই নয়, প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ সম্পদেরও বড় ধরনের ক্ষতি হতে পারে। এ কারণে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হুমকির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

তবে কারখানা কর্তৃপক্ষের অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো মামলা বা তদন্তের তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, “এ বিষয়ে আমার কাছে লিখিত কোনো অভিযোগ দায়ের হয়নি।”


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪