কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক আতাউর রহমান আতা (৬০) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর দুলাল মার্কেট এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, একজন নিরীহ বৃদ্ধ চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত তদন্ত শেষ করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
উল্লেখ্য গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রামে বৃহস্পতিবার রাতে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইকালে ছিনতাইকারিদের ছুরির আঘাতে চালক মোঃ আতাউর রহমান আতা মিয়া (৬০) নিহত হয়েছেন। এ সময় ছেলে নিহতের শোক সইতে না পেরে বাড়িতে থাকা বৃদ্ধ মা জহুরা খাতুন (৭৫) মৃত্যুবরণ করেন । নিহত আতাউর রহমান বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।এঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গাজীপুর হত্যাকান্ডের ঘটনায় সরাসরি জড়িত আসামি কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়া চালার বাজার এলাকার রাজ্জাক খানের পুত্র রাজিব খান (২৯) একই উপজেলার মির্জানগর গ্রামের নাসির উদ্দিনের পুত্র নকিবুল হাসান রাকিব (২৪) নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকার রসুলপুর গ্রামের মোঃ শামসুদ্দীনের পুত্র কিবরিয়া (৪২) কে গ্রেফতার করতে সক্ষম হয়। তার মধ্যে আসামি রাজিব খান ও নকিবুল হাসান রাকিব হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত থাকার কথা উল্লেখ পূর্বক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশা এবং অটোরিকশা বিক্রি র ২২ হাজার টাকা, হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা হাতুড়ি, লোহার রড এবং একটি রশি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বারিষাব ইউনিয়ন পরিষদের সদস্য আবু তাহের ও রওশন আরা বিথী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হোসেন, আতাউরের ছেলে আশরাফুল, মান্নান, কামাল, রুহুল, আতিকুল প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ‘অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনা আবারও ঘটতে পারে।’ তারা দ্রুত তদন্ত শেষ করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এদিকে মামলার তদন্ত অব্যাহত রয়েছে জানিয়ে পিবিআই গাজীপুর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার বলেন, একজন নিরীহ অটোরিকশা চালককে হত্যার নেপথ্যে থাকা মূল আসামীদের গ্রেফতার এবং ছিনতাইকৃত অটোরিকশাসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব