কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বল্লা করোনেশন হাইস্কুল অ্যান্ড কলেজের পুকুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘটনার প্রায় আধা ঘণ্টা পর শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশুটির নাম আসিফ (১১)।
নিহত আসিক বল্লা পশ্চিমপাড়া এলাকার মাহিদুলের ছেলে। সে বল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন সমবয়সীর সঙ্গে বিদ্যালয়সংলগ্ন পুকুরে গোসল করতে যায় আসিক। একপর্যায়ে সে পুকুরের তুলনামূলক গভীর অংশে চলে যায়। পরে সঙ্গীরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। অনেকক্ষণ তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। এরপর স্থানীয়দের পক্ষ থেকে ফায়ার সার্ভিসে জানানো হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুপুর ১টার দিকে পুকুরে তল্লাশি চালানো হয়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় পানির নিচ থেকে আসিককে উদ্ধার করেন ডুবুরিরা। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে জানা গেছে, আসিক হিস্টেরিয়া রোগে আক্রান্ত ছিল। গোসলের সময় পুকুরের মাঝামাঝি গিয়ে সে অচেতন হয়ে পানিতে তলিয়ে যায়।
ওসি বলেন, ঘটনাটি নিয়ে কালিহাতী থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব